বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পাঠদানের গাইডলাইন প্রকাশ

৭ মে, ২০২০ ১৭:৫৬  
শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইনে পাঠদান, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি বিষয়ে বৃহস্পতিবার (৭ মে) একটি গাইডলাইন প্রকাশ করেছে ইউজিসি। একইসঙ্গে অনলাইনে উচ্চ শিক্ষার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। নীতিমালা বিষয়ে মতামত জানাতে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান এবং ফ্যাকাল্টি সদস্যদের মতামত চাওয়া হয়েছে। এজন্য একটি অনলাইন জারিপও শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আগামী ১৫ মে পর্যন্ত মতামত গ্রহণ করে একটি ডেটাবেজ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে অনলাইন পাঠদানের গাইডলাইনটি ইউজিসি ওয়েবসাইট www.ugc.gov.bd এর নোটিশ অপশনে পাওয়া যাবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ এই গাইডলাইন অনুযায়ী চলতি সেমিস্টারের অসমাপ্ত কার্যক্রম (পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন) অনলাইনে সম্পাদন করতে পারবে। পাশাপাশি আগামী সেমিস্টারেও শিক্ষার্থী ভর্তি করতে পারবে।